প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
‘জানুয়ারি মাসে যাতে শ্রমিকরা নতুন মজুরি পান সে লক্ষ্যে কাজ করছি’

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম শেষ করতে একমত হয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জানুয়ারি মাস থেকে নতুন মজুরি পাবেন শ্রমিকরা। ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে জানুয়ারিতে বাড়তি মজুরি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে নিম্নতম মজুরি বোর্ড।
বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বোর্ডে শিল্পের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবিএম সামছুদ্দিন।
এবিএম সামছুদ্দিন বলেন, বোর্ডের চেয়ারম্যান অল্প সময়ের মধ্যে সভা আহ্বান করায় তাকে ধন্যবাদ জানাই। সভায় মালিক ও শ্রমিকপক্ষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছে। ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করতে উভয় পক্ষ একমত হয়েছে। যাতে শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন মজুরির সুবিধা পান, সে লক্ষ্যেই কাজ করা হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, তাদের দাবির প্রতি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত। শ্রমিকদের পক্ষ থেকেই বোর্ডে আলোচনা করা হচ্ছে। তাই মজুরি নির্ধারণের কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করার বিষয়ে সবাই সম্মত হয়েছেন।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।